বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ দেশজুড়ে জামায়াতের বিক্ষোভ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৪ জুন) রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল বুধবার (৩ জুন) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন। উল্লেখ্য, গতকালই সরকার বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধি ঘোষণা করেছে, যা চলতি জুন মাস থেকেই কার্যকর হবে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার সরকারের এই সিদ্ধান্তকে 'গণবিরোধী ও নিষ্ঠুর' আখ্যা দিয়ে বলেন, "সরকার সাধারণ মানুষের পকেট কাটার এক চরম খেলায় মেতে উঠেছে। আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর এক বড় ধরনের জুলুম। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তার ওপর বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি 'মড়ার ওপর খাঁড়ার ঘা' হিসেবে দেখা দেবে।"
বিবৃতিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন দরের উল্লেখ করে বলা হয়, পাইকারিতে বিদ্যুতের গড় দাম ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। খুচরা বা গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে। একই সঙ্গে সঞ্চালন চার্জও প্রায় ২৪ শতাংশ বাড়ানো হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আশঙ্কা প্রকাশ করে বলেন, বিদ্যুতের দাম বাড়ার কারণে দেশের শিল্প ও কৃষি খাতের উৎপাদন খরচ ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এর ফলে কলকারখানা ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসবে এবং চাল, ডাল, তেলসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।
বিদ্যুৎ খাতের সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে মিয়া গোলাম পরওয়ার বলেন, মূলত বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর 'ক্যাপাসিটি চার্জের' নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটের খেসারত দিতেই বারবার সাধারণ মানুষের ওপর এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা থাকলে এমন অমানবিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না।
বিবৃতিতে বিদ্যুৎ খাতের সব ধরনের দুর্নীতি, অপচয় ও লুটপাট বন্ধ করে জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে, দেশের আপামর জনসাধারণের চরম দুর্ভোগের কথা বিবেচনা করে বিদ্যুতের এই 'অযৌক্তিক' মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানায়
Comments