বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন ৩ কমিশনারও
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) বড় ধরনের রদবদল করা হয়েছে। সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের প্রখ্যাত করপোরেট ব্যক্তিত্ব ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান। একই সাথে শূন্য হওয়া কমিশনার পদগুলোতে নতুন তিনজনকে নিয়োগ দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী ক্রাউন সিমেন্ট পিএলসি-এর গ্রুপ সিইও মাসুদ খানকে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বিএসইসি'র দায়িত্ব গ্রহণের আগে শর্তানুযায়ী তাকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বা চুক্তি পরিত্যাগ করতে হবে। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মাসুদ খান দেশের করপোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ। তিনি ২০১৯ সালের এপ্রিল থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ক্রাউন সিমেন্ট গ্রুপের বোর্ডে প্রধান উপদেষ্টা ও গ্রুপ সিইও হিসেবে যুক্ত ছিলেন।
চেয়ারম্যানের পাশাপাশি বিএসইসির নতুন যে তিনজন কমিশনার নিয়োগ পেয়েছেন, তারা হলেন:নাফিজ আল তারিক, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক। নাহিদ মাহতাব, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। তানভীর হাবিব রহমান, আশা ইন্টারন্যাশনালের পরিচালক (অর্থ)।
বিএসইসি-তে এই বড় নিয়োগের আগে, আজ সকালেই সংস্থাটির শীর্ষ পর্যায়ে একযোগে পদত্যাগের ঘটনা ঘটে। ব্যক্তিগত কারণ দেখিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন বিএসইসি'র সদ্য বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং চার কমিশনার—মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন। তাদের পদত্যাগের কয়েক ঘণ্টার ব্যবধানেই নতুন নেতৃত্ব চূড়ান্ত করল সরকার।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর আজ বিকেল ৩টাতেই সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ খান এবং নতুন তিন কমিশনারের যৌথভাবে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখান থেকে পুঁজিবাজার সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন।
Comments