তিন বছরে ৯৩৯ সফল মেজর অপারেশন, বদলে গেছে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স
একসময় জটিল অস্ত্রোপচারের জন্য মোংলা ও আশপাশের উপজেলার রোগীদের খুলনা কিংবা অন্যান্য বড় হাসপাতালে যেতে হতো। এতে সময়, অর্থ ও ভোগান্তি বাড়ত। তবে গত তিন বছরে সেই চিত্র বদলে দিয়েছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০২৩ সালের ৩১ মে চালু হওয়া মেজর অপারেশন সেবা তিন বছর পূর্ণ করেছে। এ সময়ে হাসপাতালটিতে ৯৩৯টি মেজর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে নিয়মিতভাবে সিজারিয়ান সেকশন, হার্নিয়া, অ্যাপেনডিসাইটিস, টিউমারসহ বিভিন্ন ধরনের জটিল অস্ত্রোপচার করা হচ্ছে। এর ফলে শুধু মোংলা নয়, বাগেরহাটের রামপাল, মোরেলগঞ্জ, শরণখোলা এবং খুলনার দাকোপ উপজেলার অনেক রোগীও এখানে চিকিৎসাসেবা নিতে আসছেন।
সংশ্লিষ্টরা জানান, আগে এসব রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকের ওপর নির্ভর করতে হতো। অনেক ক্ষেত্রে জরুরি রোগীদের দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অতিরিক্ত ঝুঁকির মুখে পড়তে হতো। বর্তমানে নিজ এলাকার কাছেই অস্ত্রোপচারের সুযোগ পাওয়ায় রোগীদের দুর্ভোগ অনেক কমেছে।
রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বাসিন্দা মো. জাহিদুল ইসলাম বলেন, "আগে পরিবারের কারও অপারেশন প্রয়োজন হলে খুলনায় যেতে হতো। যাতায়াত ও চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। আমার মায়ের হার্নিয়ার অপারেশন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়েছে। চিকিৎসাসেবা ও ডাক্তারদের আন্তরিকতায় আমরা সন্তুষ্ট। এখন আশপাশের কয়েকটি উপজেলার মানুষও এই হাসপাতালের ওপর ভরসা করছেন।"
চাঁদপাই এলাকার বাসিন্দা মো. রহমত আলী বলেন, "আমার স্ত্রীর সিজারিয়ান অপারেশন এই হাসপাতালে হয়েছে। সরকারি হাসপাতালে এমন সেবা পাব, আগে ভাবিনি। এতে আমাদের অনেক অর্থ ও সময় সাশ্রয় হয়েছে।"
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক অপারেশন থিয়েটার, দক্ষ চিকিৎসক, অ্যানেস্থেসিয়া টিম, নার্স ও ওটি স্টাফদের সমন্বিত প্রচেষ্টায় নিরবচ্ছিন্নভাবে অস্ত্রোপচার সেবা দেওয়া সম্ভব হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগীর নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন হোসেন বলেন, "উপজেলা পর্যায়ে নিরাপদ ও মানসম্মত অস্ত্রোপচার সেবা নিশ্চিত করাই ছিল আমাদের লক্ষ্য। সীমিত সম্পদ ও জনবলের মধ্যেও পুরো টিমের আন্তরিক প্রচেষ্টায় গত তিন বছর ধরে সেবা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়েছে। ৯৩৯টি সফল মেজর অপারেশন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সবচেয়ে বড় বিষয় হলো, স্থানীয় মানুষ এখন ঘরের কাছেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন।"
তিনি আরও বলেন, "এই অর্জন কোনো একক ব্যক্তির নয়। চিকিৎসক, অ্যানেস্থেসিয়া টিম, নার্স, ওটি স্টাফ এবং হাসপাতালের সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এটি।"
স্থানীয় সচেতন মহলের মতে, উপজেলা পর্যায়ে মেজর অপারেশন সেবা চালুর মাধ্যমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছে। এর ফলে রোগীদের ভোগান্তি কমার পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থাও বেড়েছে।
Comments