অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা ও টেন্ডার কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই তথ্য জানানো হয়।
দপ্তর আদেশে বলা হয়েছে, গোলাম কিবরিয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োজিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে ডিএসসিসির বিভিন্ন কার্যক্রম—বিশেষ করে মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে উত্থাপিত সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাম কিবরিয়ার বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং বিভাগীয় প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সব ধরনের প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন বলে মনে করেছে ডিএসসিসি প্রশাসন।
এই আদেশের অংশ হিসেবে সাময়িক বরখাস্তকালীন সময়ে গোলাম কিবরিয়াকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তরের এই আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
Comments