ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার চারটি প্রজন্ম ধ্বংস করেছে: ফজলুর রহমান
বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বে এই সরকার দেশের চারটি জেনারেশন (প্রজন্ম) ধ্বংস করে দিয়েছে। যাদের বয়স এখনও ৩০ বছর পার হয়নি, তারা উপদেষ্টা হয়ে দেশ-বিদেশে শত শত কোটি টাকা পাচার করেছে।
আজ সোমবার (১ জুন) সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে ফজলুর রহমান অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল চক্রান্তের মাধ্যমে দেশের নতুন প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, "আমাদের নতুন জেনারেশন নষ্ট হয়ে গেছে। এদেশে চক্রান্তের মাধ্যমে গুপ্ত সংগঠন তৈরি করে একটা রাজনৈতিক দল গঠন করা হয়েছে। তাদের মধ্যে কোনো লেখাপড়া, খেলাধুলা, সংগীত-সংস্কৃতি কিংবা প্রকৃত ধর্মপালন বলতে কিছু নেই।"
তিনি আরও বলেন, এই গোষ্ঠীটি কেবল ছাত্রসমাজকে ধোঁকা দিয়ে এবং মিছিলে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করার চক্রান্তে লিপ্ত রয়েছে।
বক্তব্যের এক পর্যায়ে বিএনপির এই সংসদ সদস্য অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বর্তমান রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ তোলেন।
তিনি দাবি করেন, "৫ আগস্টের পর একজন সাবেক উপদেষ্টা কুমিল্লার ডিসির কাছে গিয়ে ১৫ কোটি টাকা দাবি করেছিলেন। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ, যিনি এখন এমপি, তিনি ডিসির কাছে গিয়ে ১০ কোটি টাকা চেয়েছেন।" এদের তীব্র সমালোচনা করে ফজলুর রহমান তাঁদের "মানুষ ধ্বংসের কারিগর" বলে অভিহিত করেন।
Comments