জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লির ঢল
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রাজধানীতে ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের ঢল নামে জাতীয় ঈদগাহ ময়দানে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহে এই জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। জামাত শেষে খুতবা পাঠ করেন তিনি। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নামাজ আদায় করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে দুই ঘণ্টা আগে থেকেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে থাকেন মুসল্লিরা। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে প্রবেশ করেন তারা। অন্যদিকে মৎস্যভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তেও সারিতে দাঁড়িয়ে ঈদগাহ ময়দানে প্রবেশ করতে দেখা যায় মুসল্লিদের।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে দেশবাসীর সঙ্গে ঈদ জামাতে শরিক হন। এছাড়া প্রধান জামাতে বিচারপতি, মন্ত্রিসভার সদস্য ও মুসলিম বিশ্বের কূটনীতিকরা অংশ নেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, আশপাশের সড়ক ও খোলা জায়গা মিলিয়ে এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ৯০ হাজার থেকে এক লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এসব ঈদের জামাতের সময় সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট।
এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
Comments