কেন্দুয়ায় ব্ল্যাকমেইলের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা, বিক্ষোভে উত্তাল জনতা
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার মোহনা। স্থানীয় বখাটেদের ব্ল্যাকমেইলের শিকার হয়ে গত ৮ মে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সে। এ ঘটনায় মোহনার বাবা বাদী হয়ে দুই বখাটের বিরুদ্ধে আদালতে মামলা করলেও গ্রেপ্তার হচ্ছে না অভিযুক্ত বখাটেরা।
এরইপ্রেক্ষিতে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধব ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মোহনার পরিবার ও সহপাঠীসহ এলাকাবাসী। আজ রোববার (২৪ মে) দুপুরে উপজেলার আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন রায়হান, আবুল কাশেম, ইদ্রিস মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, একই উপজেলার নগুয়া গ্রামের শামীম (২৪) ও সিংহেরগাঁও গ্রামের জিহাদ (২২) দীর্ঘদিন ধরে মোহনাকে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে আসছিল। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সে। একপর্যায়ে গত ৮ মে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মোহনা।
ঘটনার পর গত ১৪ মে নেত্রকোনা আমলী আদালতে মামলা দায়ের করেন মোহনার বাবা হিরন মিয়া। তবে মামলার এতদিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
তাই অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারও এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
Comments