রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ২৯
রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২২ মে, ২০২৬) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে একটি বড় ধরনের ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে।
ধানমন্ডি-৩২ নম্বর ও এর আশপাশের এলাকা থেকে একযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। শেরেবাংলা নগর এলাকা থেকে আওয়ামী লীগের আরও ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা পর্যায়ের যুবলীগের সভাপতিসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকর্মী রয়েছেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধানমন্ডি এলাকায় জড়ো হয়ে একটি বড় ধরনের বিক্ষোভ মিছিলের চেষ্টা করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে একটি বিশেষ 'শপথ কর্মসূচি' ও আন্দোলনের পরিকল্পনা ছিল তাদের।
ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ঢাকা ও ঢাকার বাইরে কোন কোন জেলার দায়িত্বশীল পদে রয়েছেন এবং অতীতে তাদের বিরুদ্ধে কোনো নাশকতার মামলা ছিল কি না—তা যাচাই-বাছাই করা হচ্ছে। পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার চেষ্টার অভিযোগে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Comments