ঝিনাইদহে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, ফোন-মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগ
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় তাকে কিল-ঘুসি মারা ছাড়াও মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে অভিযোগ করেছেন তিনি।
আজ শুক্রবার শহরের পুরাতন ডিসি কোর্ট (পৌর কালেক্টর) জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। জাতীয় নাগরিক কমিটির নেতাদের অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই এই হামলা চালিয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে অবস্থিত মসজিদে জুমার নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে বের হওয়ার পরপরই তাদের ওপর অতর্কিত আক্রমণ করা হয়। প্রথমে তাদের লক্ষ্য করে ডিম এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর হকিস্টিক দিয়ে গণহারে আঘাত শুরু করা হয়।
হামলায় তাদের তিনজনের মাথা ফেটে গেছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "আমাকে লক্ষ্য করেও কিল-ঘুসি মারা হয়। এ সময় হামলাকারীরা আমার ব্যক্তিগত মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।"
হামলার ঘটনার পর পরই জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ নিরাপত্তার জন্য স্থানীয় থানায় অবস্থান নেন। নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তারা এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তবে থানায় অবস্থানকালেও বাইরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা আবারও থানার সামনে জড়ো হয়ে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
Comments