ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোর আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) থেকেই মাঠে নেমে দায়িত্ব পালন শুরু করেছেন বিজিবি সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ উদযাপনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মহাসড়কে যানজট নিরসন ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এবং গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ঈদের আগের ৭ দিন এবং ঈদের পরের ৩ দিন—মোট ১০ দিন মাঠে থেকে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
গুরুত্বপূর্ণ টোল প্লাজা, প্রধান মহাসড়ক এবং তীব্র যানজটপ্রবণ এলাকাগুলোতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দ্বারা পরিচালিত মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করবেন তারা। এর ফলে ঈদকে কেন্দ্র করে পশুবাহী গাড়ি চলাচল এবং ঘরমুখো মানুষের যাতায়াত আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।
Comments