শ্রীমঙ্গলে বসতঘরের সিলিংয়ে বিশালাকৃতির অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকার ছাত্রাবট গ্রামে খলিল মিয়ার বসতঘরের সিলিংয়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখা মিলায় এলাকায় এক ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১শে মে) সকাল সাড়ে ৮টার দিকে খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের সিলিংয়ের বাঁশের উপর কুণ্ডলী পাকিয়ে থাকা অজগর সাপটি দেখতে পান। হঠাৎ এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
খবরটি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়দের মধ্যে কেউ কেউ সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেও পরে গ্রামের এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ জানান, সাপটির ওজন প্রায় ২০ থেকে ২২ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট। পরে উদ্ধারকৃত অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
Comments