বাংলাদেশ থেকে ৪ সেক্টরে দক্ষ কর্মী নিতে চায় কাতার
বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো (টিটিসি) থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং—এই চার সেক্টরে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার। আজ সোমবার (১৮ মে) ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ-কাতার সপ্তম যৌথ কমিটির বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি এই আগ্রহের কথা জানান।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কাতারের শ্রমমন্ত্রীর নেতৃত্বে দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এতে অংশ নেয়।
বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের নির্দিষ্ট পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে উল্লিখিত চার ট্রেডের দক্ষ কর্মীদের নিয়োগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। দেশের কর্মীদের কর্মদক্ষতার প্রশংসা করে তিনি জানান, বর্তমানে কাতারে প্রায় ৪ লাখ ৭৩ হাজার বাংলাদেশি প্রবাসী কর্মরত আছেন। এর মধ্যে ৩০ শতাংশ সরাসরি উন্নয়ন খাতে এবং বাকি ৭০ শতাংশ অন্যান্য পেশায় নিয়োজিত।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বৈঠকে জানান, বর্তমানে চার লক্ষাধিক বাংলাদেশি কর্মী কাতারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অবদান রাখছেন। ২০২৩ সালে ১ লাখ ৭ হাজার ৫৯৮ জন বাংলাদেশি কর্মী কাতারে গেছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, চলতি ২০২৬ সালেও কাতার বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ কর্মী নিয়োগ করবে।
একই সঙ্গে মন্ত্রী মন্ত্রণালয়ের অধীন ১১০টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) চলমান ৫৫টি ট্রেডের আধুনিক প্রশিক্ষণ কার্যক্রমের চিত্র কাতারি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেন।
কাতারগামী কর্মীদের ভিসা প্রক্রিয়া ও স্বাস্থ্য পরীক্ষা আরও সহজ ও গতিশীল করতে বাংলাদেশের ৮টি বিভাগীয় শহরে কাতারের ভিসা এবং মেডিকেল সেন্টার স্থাপনের জন্য কাতার সরকারকে অনুরোধ জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। এই প্রস্তাবের জবাবে কাতারের শ্রমমন্ত্রী জানান, বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য তিনি কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করবেন।
বৈঠকে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক কাতারের উন্নয়ন ও সেবা খাতে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যায় সার্টিফাইড ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কেয়ারগিভার, আইটি বিশেষজ্ঞ এবং ইমাম ও ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য কাতারের প্রতি আহ্বান জানান।
উভয় দেশই দ্বিপাক্ষিক শ্রমবাজারের উন্নয়ন, কর্মীদের অধিকার রক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
Comments