মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চূড়ান্ত করা এই সিদ্ধান্তের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে ইতোমধ্যে চিঠি দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
এই ছাড় কার্যকর হলে সরকারের বছরে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব কমতে পারে, যা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশ।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহার এবং বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ভাড়া কমানোর প্রতিশ্রুতি রয়েছে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন বা বাজেট ঘোষণার পর এই সুবিধা পেতে নির্ধারিত প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন 'সুবর্ণ' পরিচয়পত্র দেখাতে হবে। বয়স্ক নাগরিক (৬৫ বা তদূর্ধ্ব)দের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন করতে হবে।
বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি ও প্রতিবন্ধীরা মেট্রোরেলের একক যাত্রার টিকিটে ১৫ শতাংশ ছাড় পেয়ে থাকেন। এছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মেট্রোরেলে বিনামূল্যে ভ্রমণের সুবিধা চালু রয়েছে।
শিক্ষার্থীদের জন্যও পরিকল্পন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী ধাপে শিক্ষার্থীদের জন্যও মেট্রোরেলের ভাড়ায় ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে ছাড়ের বিষয়টি ডিএমটিসিএলের নিজস্ব রাজস্ব আয় এবং পরিচালন সক্ষমতা বিবেচনা করে চূড়ান্ত করা হবে।
আসন্ন বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিলের একটি নির্দিষ্ট অংশ ব্যয়ের নির্দেশনা অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে থাকতে পারে। তবে সিএসআর সংক্রান্ত কোনো জাতীয় নীতিমালা না থাকায় এই নির্দেশনা কতটা কার্যকরভাবে বাস্তবায়ন হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
Comments