হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, এ পর্যন্ত প্রাণ হারালেন ১৪ জন
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মক্কা ও মদিনায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী।
আজ শুক্রবার (১৫ মে) মক্কার বাংলাদেশ হজ অফিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ মারা যাওয়া দুজন হলেন— গাজীপুর সদর এলাকার বাসিন্দা নাসরীন জাহান এবং সাভারের বাসিন্দা নুসরাত শারমীন।
হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ শুক্রবার সকাল পর্যন্ত ৫৬ হাজার ৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫২,১১৫ জন। মোট ১৪৬টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান।
সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের জন্য স্থাপিত চিকিৎসাকেন্দ্র থেকে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সেখান থেকে ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬ হাজার ৪৩০টি বিভিন্ন ধরনের কারিগরি সেবা প্রদান করা হয়েছে।
চলতি বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে ঢাকাস্থ সৌদি দূতাবাস এখন পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। ভিসা প্রাপ্তদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ৩০ জুন।
Comments