দীর্ঘ ১৮ বছর পরে ২৭তম বিসিএসের আরও ৯৬ জনের নিয়োগ
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে ২৭তম বিসিএসের আরও ৯৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
২০০৫ সালের ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে পিএসসির সুপারিশ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা স্কেলে বেতন পাবেন। কর্মকর্তাদের নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি ও বিশেষ পেশাগত প্রশিক্ষণ নিতে হবে। এছাড়া তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে, যা প্রয়োজনে সরকার বৃদ্ধি করতে পারে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে তাদের চাকরি স্থায়ী করা হবে। নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা তাদের ব্যাচের প্রথম নিয়োগের তারিখ থেকে কার্যকর হবে। তবে তারা ভূতাপেক্ষিকভাবে কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না। জ্যেষ্ঠতা নির্ধারিত হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুসারে। আগামী ১৮ মে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে হবে। ব্যর্থ হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য যে, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়মের অভিযোগে ২৭তম বিসিএসের প্রথম ভাইভা বাতিল করে পুনরায় ভাইভা নিয়েছিল। এতে প্রথমবার উত্তীর্ণ অনেকে বঞ্চিত হন এবং পরে আদালতের শরণাপন্ন হন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ ১,১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দেয়। সেই ধারাবাহিকতায় প্রথম ধাপে ৬৭৩ জনের পর এবার দ্বিতীয় ধাপে ৯৬ জনকে নিয়োগ দেওয়া হলো।
Comments