সাবেক মন্ত্রী ও আ. লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ইন্তেকাল
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বুধবার (১৩ মে, ২০২৬) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
পারিবারিক সূত্র অনুযায়ী, আগামীকাল (বৃহস্পতিবার) বাদ জোহর চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নে অবস্থিত এস রহমান কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জন্ম ১৯৪৩ সালের ১২ জানুয়ারি মিরসরাইয়ের ধুম ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।
তিনি ১৯৬৬ সালে লাহোর থেকে খনিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬৪ সালে লাহোরে অবস্থানকালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন এবং ৬৬-র ছয় দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালে তিনি চট্টগ্রামের সাব-সেক্টর কমান্ডার হিসেবে গেরিলা যুদ্ধে সম্মুখ নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০১৯ সালে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'স্বাধীনতা পুরস্কার' প্রদান করা হয়।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যাসহ ১২টি মামলা দায়ের করা হয়েছিল। ওই বছরের ২৭ অক্টোবর থেকে তিনি কারাগারে ছিলেন। পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং আইনি প্রক্রিয়ায় ২০২৫ সালের ১৪ আগস্ট তিনি সবকটি মামলায় জামিনে মুক্তি পান।
তার মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Comments