সীমান্ত সুরক্ষা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর চুড়ি পরে থাকা উচিত: নাসিরুদ্দিন পাটোয়ারী
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহতদের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন ন্যাশনাল সিভিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। মঙ্গলবার (১২ মে) দুপুরে সীমান্ত এলাকা পরিদর্শনের সময় তিনি বর্তমান স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর 'লাল-সবুজ চুড়ি' পরে বসে থাকা উচিত। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, "সীমান্তে আমাদের দেশের নাগরিক শহীদ হলো, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রীর পক্ষ থেকে কোনো জোরালো প্রতিবাদ জানানো হলো না। এটি অত্যন্ত দুঃখজনক।"
তিনি কসবার সীমান্তবর্তী ধজনগর গ্রামে গিয়ে বিএসএফ-এর গুলিতে নিহত মোরসালিনের বাবা হেবজু মিয়াসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে তিনি মানিক্য মুড়ি গ্রামে নিহত নবীর হোসেনের বাড়িতেও যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি নিহতদের সীমান্ত 'শহীদ' হিসেবে অভিহিত করেন এবং মোরসালিনের কবর জিয়ারত করেন।
সীমান্তে চোরাচালান ও নিরাপত্তা প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, সীমান্তে নাগরিকদের মৃত্যু এবং চোরাচালান রোধ করতে না পারা বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন যে, বর্তমান সরকারের কিছু অসাধু লোক ও প্রভাবশালীরা চোরাচালানের 'গডফাদার' হিসেবে কাজ করছে এবং সাধারণ মানুষকে কেবল শ্রমিক হিসেবে ব্যবহার করছে।
নাসিরুদ্দিন পাটোয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সীমান্তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা না যায় এবং এমন অস্থিতিশীল পরিস্থিতি চলতে থাকে, তবে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
Comments