হামের সংক্রমণ ও টিকার সংকট নিয়ে আন্তর্জাতিক তদন্ত হবে: তথ্য উপদেষ্টা
দেশে হামের প্রাদুর্ভাব এবং টিকার সংকটজনিত পরিস্থিতি খতিয়ে দেখতে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান জানান, হামের সংক্রমণে চার শতাধিক শিশুর মৃত্যু অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি বলেন, টিকার সংকট কেন তৈরি হলো এবং টিকাদানে কোনো অবহেলা ছিল কি না, তা খুঁজে বের করা হবে। অবহেলার প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দেশে বর্তমানে হামের কারণে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই। হাসপাতালগুলোতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং টিকাদান কর্মসূচির প্রচারণা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
জ্বালানি পরিস্থিতি নিয়ে উপদেষ্টা জানান, বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। এছাড়া ২০৩০ সাল নাগাদ ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প নেওয়া হয়েছে, যার মাধ্যমে বছরে ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি পুনর্মূল্যায়ন করবে সরকার। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এর শর্ত পরিবর্তন বা প্রভাব বিবেচনা করা হবে।
Comments