পুলিশে দুর্নীতি সহ্য করা হবে না, গঠন হবে বিশেষায়িত ‘সাইবার ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই এবং শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।
সোমবার (১১ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে 'পুলিশ সপ্তাহ ২০২৬' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিবর্তিত সময়ের অপরাধের ধরন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়ায় গুজব এবং অপপ্রচার প্রতিরোধে একটি বিশেষায়িত 'সাইবার পুলিশ ইউনিট' গঠন করা হবে।" এছাড়া অপারেশনাল কাজে স্বচ্ছতা আনতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের ওপর জোর দেন তিনি।
পুলিশের সক্ষমতা ও পেশাদারিত্ব বাড়াতে মন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি নতুন পুলিশ প্রশিক্ষণ একাডেমি স্থাপন করা হবে (একটি সাধারণ ফোর্স এবং অন্যটি এলিট ফোর্সের জন্য)। এলিট ফোর্সের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আলাদা আইন (লেজিসলেশন) প্রণয়ন করা হবে। জমি প্রাপ্তি সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ 'পুলিশ স্পোর্টস কমপ্লেক্স' নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেন যে, অপরাধ দমনে পুলিশকে কৌশলী হতে হবে, তবে কোনো অবস্থাতেই মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। তিনি বলেন, "জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগের নীতি অনুসরণে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।" এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স ও অনলাইন জিডিসহ সব ধরনের সেবা দ্রুততম সময়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইজিপি মো. আলী হোসেন ফকির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments