অতি অল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে: ত্রাণমন্ত্রী
খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব। সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, "তিস্তা মহাপরিকল্পনায় চীন অর্থায়ন ও কারিগরি সহায়তা প্রদান করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিগগিরই চীন সফর করবেন। আমি অত্যন্ত আশাবাদী, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত এই সরকার অতি অল্প সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু করবে।"
লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব বিএনপির নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বেকারত্ব দূর করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। বেসরকারি উদ্যোক্তাদের পাশাপাশি সরকারি খাতেও নিয়োগ প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।" তিনি আরও জানান, হতদরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির মতো জনহিতকর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী ঘোষিত 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচির প্রশংসা করে ত্রাণমন্ত্রী বলেন, "সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে আট একর মাপের খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।"
সরাসরি ঢাকা-বুড়িমারী ট্রেন চলাচল শুরু হতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী জানান, রেলওয়ে কর্তৃপক্ষের লোকোমোটিভ (ইঞ্জিন) ও বগির স্বল্পতার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে রেলমন্ত্রীর সাথে কথা হয়েছে, নতুন বগি ও ইঞ্জিন আসামাত্রই এটি চালু করার বিষয়টি বিবেচনা করা হবে।
উল্লেখ্য, আসাদুল হাবিব মন্ত্রী হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন যে, ছয় মাসের মধ্যে সরাসরি 'বুড়িমারী এক্সপ্রেস' ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। বর্তমানে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।
Comments