মেগা প্রকল্পের নামে হয়েছে লুটপাট, দাতা সংস্থাগুলো দেখাচ্ছে অনীহা: সেতুমন্ত্রী
বিগত সরকারের আমলে মেগা প্রকল্পের নামে ব্যাপক লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ তুলেছেন বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) দুপুরে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, "গত ১৮ বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। বর্তমানে ২০ লাখ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণের বোঝা মাথায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে।"
সেতুমন্ত্রী অভিযোগ করেন, ১৬টি মেগা প্রকল্পের বিশাল অর্থ ব্যয় হলেও কাজ সম্পন্ন হয়নি। অনেক ক্ষেত্রে ঠিকাদাররা কাজ ফেলে পালিয়ে যাওয়ায় প্রকল্পগুলো পুনরায় চালু করা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও যোগ করেন, "দীর্ঘদিনের দুর্নীতি ও অস্বচ্ছতার ফলে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো এখন বড় বড় প্রকল্পে অর্থায়নে অনীহা প্রকাশ করছে।"
পদ্মা সেতু প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, "এই সেতুর ফিজিবিলিটি স্টাডি ও অ্যালাইনমেন্ট নির্ধারণের প্রাথমিক কাজ বিএনপি সরকারের আমলেই সম্পন্ন হয়েছিল। তবে পরবর্তী সময়ে এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অনিয়ম ও ব্যয় নিয়ে নানা প্রশ্ন ওঠে।"
বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, "শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। আমি নিজে এই পথ দিয়ে চলাচলের সময় খেয়াল রাখবো গাছগুলো কতটুকু বড় হচ্ছে।"
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালু, জেলা প্রশাসক তাহসিনা বেগমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Comments