হাসপাতালে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি: পেলেন জামিন
শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হওয়ায় অবশেষে ইরানের কারাগার থেকে সাময়িক মুক্তি ও জামিন পেলেন শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। বর্তমানে তাঁকে চিকিৎসার জন্য তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন গত রবিবার এক বিবৃতিতে জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে রাজধানী তেহরানের পারস হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে নিজস্ব চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
চলতি বছরের শুরুর দিকে কারাগারে থাকা অবস্থায় তিনি দুবার হৃদ্রোগে আক্রান্ত হন। তাঁর আইনজীবী চিরিনে আরদাকানি জানিয়েছেন, কারাবন্দি অবস্থায় নার্গিস প্রায় ২০ কেজি ওজন হারিয়েছেন।
বর্তমানে তিনি এতটাই দুর্বল যে তাঁর কথা বলতেও কষ্ট হচ্ছে এবং তাঁকে চেনা প্রায় দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। প্যারিসে অবস্থানরত তাঁর স্বামী জানিয়েছেন, নার্গিসের অবস্থা এখনো অস্থিতিশীল।
৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মী দীর্ঘ সময় ধরে ইরানের নারী নিগ্রহের বিরুদ্ধে এবং মানবাধিকার সুরক্ষায় সোচ্চার। ২০২৪ সালের শেষ দিকে অসুস্থতার কারণে একবার মুক্তি পেলেও গত ১২ ডিসেম্বর মাশহাদ শহরে একটি স্মরণসভা থেকে তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
গত ফেব্রুয়ারিতে তাঁকে নতুন করে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে 'রাষ্ট্রবিরোধী প্রচার' ও 'নিরাপত্ত বিঘ্নিত করার' অভিযোগে তিনি ১৩ বছর ৯ মাসের সাজা ভোগ করছিলেন।
ইরানে নারীদের অধিকার রক্ষা এবং নিপীড়নের বিরুদ্ধে অদম্য লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে নার্গিস মোহাম্মদি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তবে নোবেল জয়ের সময়ও তিনি কারাবন্দি ছিলেন।
পরিবার ও সমর্থকদের আশঙ্কা ছিল, প্রয়োজনীয় চিকিৎসা না পেলে কারাগারেই তাঁর মৃত্যু হতে পারে। এই মানবিক সংকটের কথা বিবেচনায় নিয়েই ইরান কর্তৃপক্ষ তাঁকে সাময়িকভাবে কারাগারের বাইরে থাকার অনুমতি দিয়েছে।
Comments