সাংবাদিক নজরুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার
ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সভাপতি এবং জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-র ঢাকা প্রতিনিধি নজরুল ইসলামের ওপর আরোপিত বিদেশ গমনে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। বুধবার (৬ মে) নজরুল ইসলাম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম জানান, গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে ব্যক্তিগতভাবে ফোন করেন। ফোনালাপে মন্ত্রী তাকে বলেন: "আপনার বিদেশ গমনের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। আপনি এখন বিদেশ ভ্রমণে স্বাধীন।"
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, এই নিষেধাজ্ঞাটি পূর্ববর্তী সরকারের আমলের একটি সিদ্ধান্ত ছিল। বর্তমান প্রশাসন বিষয়টিকে 'ভুল' হিসেবে গণ্য করে তা সংশোধন করেছে।
গত ৩ মে ব্যক্তিগত সফরে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সাংহাই যাওয়ার কথা ছিল নজরুল ইসলামের। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফ্লাইটে উঠতে বাধা দেয়। ইমিগ্রেশন কর্মকর্তারা কোনো সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে কেবল 'গোয়েন্দা কর্মকর্তাদের আপত্তি'র কথা উল্লেখ করে তাকে আটকে দিয়েছিলেন।
এ বিষয়ে নজরুল ইসলাম মন্তব্য করেন যে, ওই নিষেধাজ্ঞা ছিল তার মৌলিক অধিকার এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ১৩ নম্বর অনুচ্ছেদের চরম লঙ্ঘন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক এই সভাপতি সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি মনে করেন, এই সমাধানের মাধ্যমে বোঝা যাচ্ছে—ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত নতুন প্রশাসন পূর্বের দমনমূলক নীতি থেকে সরে আসতে চাইছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন: "এই ঘটনাটি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে, রাজনীতি শেষ পর্যন্ত নির্বাচিত রাজনীতিবিদদের হাতেই সব থেকে নিরাপদ।"
বিপদের সময় পাশে থাকার জন্য তিনি বাংলাদেশের গণমাধ্যম, ওকাব এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Comments