এপ্রিলে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়ালো
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-ইরান সংঘাতের প্রভাবে বৈশ্বিক অস্থিতিশীলতার ছায়া পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে। মার্চ মাসে এই হার ছিল ৮.৭১ শতাংশ।
বিবিএস-এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের এপ্রিলের তুলনায় (৯.১৭%) বার্ষিক হিসেবে মূল্যস্ফীতি কিছুটা কম মনে হলেও, মাসিক ভিত্তিতে এর চাপ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
এপ্রিল মাসে খাদ্যের দাম বাড়ার প্রবণতা অব্যাহত ছিল। মার্চ মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ৮.২৪ শতাংশ থাকলেও এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৯ শতাংশে। সবচেয়ে বড় লাফ দেখা গেছে খাদ্যবহির্ভূত খাতে। মার্চে এই হার ৯.০৯ শতাংশ থাকলেও এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৯.৫৭ শতাংশে।
অর্থনীতিবিদদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দামে এই প্রভাব পড়েছে। গত বছরের এপ্রিলের তুলনায় খাদ্যবহির্ভূত খাতে কিছুটা স্বস্তি থাকলেও (৯.৬১% থেকে ৯.৫৭%), মাসিক ভিত্তিতে বড় ব্যবধানে বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে তুলেছে।
Comments