সাংবাদিকতার মান রক্ষায় দ্রুত আসছে ‘কোড অব কনডাক্ট’: তথ্য উপদেষ্টা
অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যাপক প্রসারের প্রেক্ষাপটে সাংবাদিকতার পেশাগত মানদণ্ড এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকার দ্রুত একটি সুনির্দিষ্ট নীতিমালা বা 'কোড অব কনডাক্ট' প্রণয়ন করতে যাচ্ছে। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
উপদেষ্টা তাঁর বক্তব্যে ডিজিটাল গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে খুব সহজে অনলাইন মিডিয়া চালু করা গেলেও সেখানে যথাযথ নীতিমালার অভাব রয়েছে।
জেলা প্রশাসকদের পক্ষ থেকে দাবি উঠেছে যে, মাঠ পর্যায়ে সাংবাদিক হওয়ার জন্য নির্দিষ্ট মানদণ্ড থাকা প্রয়োজন। এতে প্রশাসন ও গণমাধ্যম—উভয় পক্ষের কাজ করতে সুবিধা হবে।
সাংবাদিকতার মর্যাদা রক্ষা এবং অপসাংবাদিকতা রোধে একটি কার্যকর রেগুলেটরি কাঠামো তৈরির কাজ শুরু করেছে তথ্য মন্ত্রণালয়।
সরকারের স্বচ্ছতা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া ও ধারাবাহিকতায় বিশ্বাসী। তাই আগের সরকারের মতো তথ্য গোপনের প্রবণতা থেকে বর্তমান প্রশাসন বেরিয়ে আসবে। সরকার মনে করে, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব।
গুজব ও অপতথ্য ছড়ানো রোধে সরকারের দুটি বিশেষ পরিকল্পনার কথা জানান উপদেষ্টা:
ফ্যাক্ট-চেকিং প্রকল্প: গুজব মোকাবিলায় সরকার ইতিমধ্যে একটি ফ্যাক্ট-চেকিং প্রকল্প গ্রহণ করেছে। এর মাধ্যমে সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
জেলা পর্যায়ের সমন্বয়: জেলা পর্যায়ের তথ্য অবকাঠামোকে আধুনিক ও ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে প্রশিক্ষণ এবং সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Comments