আখাউড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূর চুল কেটে বর্বর নির্যাতন: স্বামী পলাতক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে এবং ছুরিকাঘাত করে বর্বরোচিত নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দীন ইসলাম দেলু পলাতক রয়েছেন।
ভুক্তভোগী মিম আক্তারের পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে রামধনগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে দীন ইসলাম দেলুর সঙ্গে মিমের বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। নরসিংদীতে একটি সেলুনে কর্মরত দীন ইসলাম গত কিছুদিন ধরে ব্যবসার অজুহাতে মিমের পরিবারের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।
নির্যাতিতা মিম আক্তার অভিযোগ করেন, মঙ্গলবার সকালে টাকার জন্য তাকে বেধড়ক মারধর শুরু করেন দীন ইসলাম ও তার স্বজনরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে দীন ইসলাম কাঁচি দিয়ে মিমের মাথার চুল কেটে ফেলেন এবং সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও করেন। নির্যাতনের একপর্যায়ে তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়, এতে মিমের হাত ও মুখে গভীর ক্ষত সৃষ্টি হয়।
খবর পেয়ে মিমের স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মিমের মা পুতুল বেগম বাদী হয়ে আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মিমের বাবা জহিরুল ইসলাম এই পাশবিক নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অভিযুক্ত দীন ইসলামকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Comments