গাজামুখী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' মাঝসমুদ্রে আটকে দিল ইসরায়েল
গাজা উপত্যকার দিকে অগ্রসর হওয়া আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের বিশাল নৌবহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'-কে মাঝসমুদ্রে আটকে দিতে অভিযান শুরু করেছে ইসরায়েলি নৌবাহিনী। বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে ক্রিট দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় এই পদক্ষেপ নেয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।
৫৮টি জাহাজের এই বহরটি যখন গাজা থেকে শত শত নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল, তখনই ইসরায়েলি নৌবাহিনী তাদের মুখোমুখি হয়। ফ্লোটিলা আয়োজকদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি নৌ কর্মকর্তারা জাহাজগুলোকে সতর্ক করে বলছেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে হলে স্বীকৃত পথ ব্যবহার করতে হবে। তাদের হয় ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে, নতুবা ইসরায়েলের 'পোর্ট অব আসদদ' বন্দরে ভিড়তে বলা হয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আটক করা একটি জাহাজে 'কনডম ও মাদক' পাওয়া গেছে। তারা এই উদ্যোগকে নিছক 'প্রচারমূলক কৌশল' বলে সমালোচনা করেছে। এছাড়া, ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কার্টজ এই নৌবহরের অর্থায়ন বন্ধ করতে আন্তর্জাতিক ক্রাউডফান্ডিং কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।
স্পেন থেকে যাত্রা শুরু করা এই বহরটি গাজায় প্রতীকী পরিমাণ মানবিক সহায়তা পৌঁছানোর ঘোষণা দিয়েছিল। মূলত ২০০৭ সাল থেকে হামাস ক্ষমতা নেওয়ার পর গাজায় ইসরায়েল ও মিসরের আরোপিত দীর্ঘমেয়াদি অবরোধের প্রতিবাদ জানাতেই এই যাত্রা।
ইসরায়েল বলছে, অস্ত্র পাচার ঠেকাতে এই অবরোধ জরুরি। তবে মানবাধিকার কর্মীদের মতে, এই অবরোধ গাজার সাধারণ মানুষের ওপর এক ধরনের 'সমষ্টিগত শাস্তি'। মাঝসমুদ্রে ইসরায়েলি বাহিনীর এই বাধার ফলে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Comments