দ্রুতই স্বাভাবিক হচ্ছে ভারতীয় ভিসা প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি দ্রুতই সহজ ও স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিবেশী দেশটির সঙ্গে বিদ্যমান স্থবিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের এক লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বেলা ৩টা থেকে এই অধিবেশন শুরু হয়।
ড. খলিলুর রহমান সংসদকে জানান, সম্প্রতি ভারত সফরকালে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওই বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকেও এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, যার ফলে দ্রুতই ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ওপর দাঁড়িয়ে আছে। এই সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে অভিন্ন মূল্যবোধ। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।
সংসদকে তিনি আরও আশ্বস্ত করেন যে, ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজতর করতে সরকার ইতিমধ্যেই সব ধরনের কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে।
Comments