বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। আজ শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে দূতাবাস জানায়, স্থগিতাদেশের তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে করদাতাদের অর্থায়নে সরকারি সহায়তা গ্রহণের প্রবণতা বেশি। মূলত যুক্তরাষ্ট্রে গিয়ে যারা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাদের যাওয়ার প্রক্রিয়া কঠোরভাবে যাচাই-বাছাই করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনকারীদের যোগ্যতা ও আর্থিক সক্ষমতা পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।
এই সিদ্ধান্ত গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার (স্থায়ীভাবে বসবাসের জন্য) ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, শিক্ষার্থী এবং অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। অর্থাৎ, এসব ক্যাটাগরিতে ভিসা প্রদান স্বাভাবিক থাকবে।
বাংলাদেশের পাশাপাশি এই তালিকায় রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, ব্রাজিল, রাশিয়া, ইরান, ইরাক, মিশর, সিরিয়া ও থাইল্যান্ডসহ মোট ৭৫টি দেশ। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে যারা পারিবারিক বা অন্য কোনো ইমিগ্র্যান্ট ভিসার অপেক্ষায় ছিলেন, তাদের ভিসা পেতে দীর্ঘসূত্রতার সৃষ্টি হতে পারে। তবে উচ্চশিক্ষা বা ভ্রমণের জন্য যারা আবেদন করতে চান, তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই।
Comments