বরগুনায় শিক্ষক দম্পতির বিরুদ্ধে জমি দখল ও শ্লীলতাহানির অভিযোগ
বরগুনায় জমি ও নির্মাণাধীন ভবন নিয়ে বিরোধের জেরে এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে জোরপূর্বক দখল, মারধর, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ঘটনার ভুক্তভোগী মোসাঃ তাজেনুর এ অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। মোসাঃ তাজেনুর পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি ও তার স্বামী বরগুনা সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডে বরগুনা জিলা স্কুলের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মোসাঃ রাহিমা বেগমের সঙ্গে যৌথভাবে একটি জমি ক্রয় করে সেখানে ভবন নির্মাণ শুরু করেন। পরবর্তীতে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি নিবন্ধিত আপস-বণ্টনের মাধ্যমে উভয় পক্ষ নিজ নিজ অংশ বুঝে নেন।
তিনি দাবি করেন, পেশাগত ব্যস্ততার কারণে কিছুদিন নির্মাণকাজ বন্ধ থাকার পর ২০২৫ সালের ১৯ আগস্ট থেকে পুনরায় কাজ শুরু করা হয় এবং বর্তমানে ভবনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে সম্প্রতি অভিযুক্ত শিক্ষক দম্পতি জমি ও ভবন দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে বাধা ও হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তাজেনুর বলেন, গত ১৫ এপ্রিল ২০২৬ দুপুরে বিদ্যুৎ সংযোগ স্থাপনের সময় অভিযুক্তরা নির্মাণাধীন ভবনে অনধিকার প্রবেশ করে এবং বিদ্যুৎকর্মীদের কাজে বাধা দেন। এ সময় প্রতিবাদ করলে তাকে চুল ধরে মারধর করা হয় এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে তিনি দাবি করেন। এ ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তার স্বামী বরগুনা থানায় একটি মামলা (নং-১৮৯/২৬) দায়ের করেছেন। পরবর্তীতে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত শিক্ষক আদালত থেকে জামিনে মুক্ত হয়ে পুনরায় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন তিনি।
বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজ বাসায় অবস্থান করতে পারছেন না বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী তাজেনুর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পদকপ্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন রাজা, বাংলাদেশ শিক্ষক সমিতি বরগুনা সদর উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী শিক্ষক নুরুল আমিন, প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনসহ অন্যান্যরা।
হিমাদ্রি শেখর কেশব
বরগুনা
Comments