উপজেলায় এমপিদের ‘বসার জায়গা’ নিয়ে বিতর্ক, সংবিধান লঙ্ঘনের অভিযোগ বদিউল আলমের
উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যদের জন্য 'বসার জায়গা' নির্ধারণ করে সরকারের জারি করা প্রজ্ঞাপন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এ সিদ্ধান্তকে সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, এই উদ্যোগ স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল করবে এবং এটি সংবিধানের ৫৯ ও ৬৫ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
তার ভাষ্য অনুযায়ী, ৫৯ অনুচ্ছেদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের ওপর ন্যস্ত, সেখানে এমপিদের সম্পৃক্ততা সংবিধানের চেতনার পরিপন্থী। অন্যদিকে ৬৫ অনুচ্ছেদে এমপিদের মূল দায়িত্ব আইন প্রণয়ন যা স্থানীয় প্রশাসনিক কাঠামোয় সরাসরি ভূমিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ প্রসঙ্গে তিনি 'আনোয়ার হোসেন মঞ্জু বনাম বাংলাদেশ' মামলার রায়ের উল্লেখ করে বলেন, অতীতে স্থানীয় পর্যায়ে 'জেলা মন্ত্রী' পদ সৃষ্টিকে অসাংবিধানিক ঘোষণা করেছিল হাইকোর্ট।
বদিউল আলম মজুমদার আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রশাসনিক জটিলতা বাড়বে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কার্যত কেন্দ্রীয় নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।
তবে এ বিষয়ে এখনো সরকারিভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। রাজনৈতিক অঙ্গনেও তেমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। সরকার ও বিরোধী দল কেউ এ বিষয়ে তেমন কিছু বলছে না।
Comments