বিচার বিভাগে ডিজিটালাইজেশন: বগুড়ায় ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন
বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘব এবং বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে 'ই-বেইলবন্ড' (e-Bail Bond) কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া আদালত ভবন প্রাঙ্গণ থেকে তিনি এই আধুনিক অনলাইন সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী তাঁর নিজ জেলা সফরের অংশ হিসেবে বগুড়া জজ কোর্ট প্রাঙ্গণে পৌঁছালে আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান রুমন।
ই-বেইলবন্ড উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। এর আগে সকাল ১০টায় তিনি সার্কিট হাউসে পৌঁছান এবং সেখান থেকে বেলা ১১টার দিকে হেঁটে জজ কোর্ট প্রাঙ্গণে যান।
ই-বেইলবন্ড হলো এমন একটি অনলাইন সিস্টেম যার মাধ্যমে আদালত থেকে কোনো আসামির জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামা সরাসরি এবং দ্রুততম সময়ে ডিজিটাল পদ্ধতিতে কারাগারে পৌঁছে যাবে। এতে প্রচলিত কাগুজে পদ্ধতিতে জামিননামা কারাগারে পৌঁছাতে যে সময়ক্ষেপণ হতো, তা দূর হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং জালিয়াতি বন্ধে এটি কার্যকর ভূমিকা রাখবে। বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিচারিক সেবা সহজতর করবে।
বগুড়া ছাড়াও প্রাথমিক পর্যায়ে আরও ছয়টি জেলায় এই কার্যক্রম চালু করা হয়েছে। জেলাগুলো হলো— ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া। বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাসেদ জানান, সনাতন পদ্ধতিতে জামিননামা দাখিল ও যাচাই-বাছাই প্রক্রিয়ায় সেবাগ্রহীতারা প্রায়ই নানা বিড়ম্বনার শিকার হতেন। ই-বেইলবন্ড চালু হওয়ায় এখন থেকে দ্রুত ও স্বচ্ছতার সাথে কারামুক্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
Comments