হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, পবিত্র হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত 'হজ ভিসা' ছাড়া অন্য কোনো ভিসা বৈধ বলে গণ্য হবে না। রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এই নির্দেশনায় হজযাত্রীদের কেবল অনুমোদিত পন্থায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা,ওমরাহ ভিসা, টুরিস্ট ভিসা দিয়ে হজ পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এই ধরণের ভিসাধারীরা হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না এবং তাদের হজের অনুমতি দেওয়া হবে না।
সৌদি আরবের অভ্যন্তরে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের হজের নিয়ম কিছুটা ভিন্ন। তাদের ক্ষেত্রে: 'নুসুক' (Nusuk) অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং সম্পন্ন করতে হবে। অ্যাপের মাধ্যমে প্রাপ্ত অফিশিয়াল হজ পারমিট বা অনুমতিপত্র সংগ্রহ করা বাধ্যতামূলক।
মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, হজের সব ধরনের বুকিং বা রিজার্ভেশন শুধুমাত্র অনুমোদিত মাধ্যমগুলোর মাধ্যমেই করতে হবে। প্রতি বছর একদল অসাধু চক্র সাধারণ মানুষকে অবৈধভাবে হজে পাঠানোর প্রলোভন দেখায়। এই প্রতারণা ঠেকাতে এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অননুমোদিত কোনো চ্যানেলে লেনদেন না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
বাংলাদেশি হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসমূহ: আগামী ১৮ এপ্রিল, রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু। হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিমানবন্দর ও হজ ক্যাম্পে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
Comments