ওসি নিয়োগের নামে প্রতারণা: ঢাকা রেঞ্জ ডিআইজির বিশেষ সতর্কতা
ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) পদায়নের কথা বলে একটি অসাধু চক্র আর্থিক প্রতারণা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই চক্রটি ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) ঢাকা রেঞ্জ মিডিয়া সেল থেকে এক বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।
সতর্কবার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হিসেবে কাউকে পদায়ন করার আইনি এখতিয়ার রেঞ্জ ডিআইজি কার্যালয়ের নেই। এই ক্ষমতা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি)-এর ওপর ন্যস্ত। মূলত পুলিশ কর্মকর্তাদের পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই এসব পদায়ন সম্পন্ন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়: ডিআইজি মহোদয়ের নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে ওসি পদায়নের প্রতিশ্রুতি দেওয়া সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক। এ ধরনের কর্মকাণ্ড একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং উচ্চপদস্থ কর্মকর্তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারণার বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে।
ঢাকা রেঞ্জ থেকে জানানো হয়েছে, যারা এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করার কাজ চলছে। দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ বা প্রশাসনের কোনো স্তরেই নিয়োগ বা পদায়নের ক্ষেত্রে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। ওসি নিয়োগের ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা দালালের খপ্পরে না পড়তে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেছে ঢাকা রেঞ্জ পুলিশ। এ সংক্রান্ত যেকোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
Comments