যুদ্ধবিরতিকে শান্তি চুক্তিতে পরিণত করা কি সম্ভব?
গত পরশু ঘোষিত হয়েছে যুদ্ধবিরতি। শুক্রবার ইসলামাবাদে বসছে মার্কিন ও ইরান প্রতিনিধিরা। গোলাগুলির শব্দ আপাতত থেমেছে, ধোঁয়া একটু কমেছে, আর বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক ধরনের সতর্ক আশাবাদ। কিন্তু প্রশ্ন হলো-এই যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির পথে প্রথম ধাপ, নাকি এটি কেবল আরেকটি অস্থায়ী বিরতি?
যুদ্ধবিরতি বনাম শান্তি চুক্তি
যুদ্ধবিরতি আর শান্তি চুক্তি এক জিনিস নয়। যুদ্ধবিরতি হলো একটি বিরতি-একটি সুযোগ, যেখানে পক্ষগুলো শ্বাস নেয়, নিজেদের অবস্থান গুছিয়ে নেয়, এবং আলোচনার টেবিলে বসার সম্ভাবনা তৈরি করে। কিন্তু ইতিহাস আমাদের বলে, যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর। এটি কয়েকদিন, এমনকি কয়েক ঘণ্টার মধ্যেও ভেঙে যেতে পারে। তাই এখন সবচেয়ে বড়ো প্রশ্ন— এই দুই সপ্তাহের বিরতি কি আলোচনার পথ খুলবে, নাকি এটি আরও বড়ো সংঘাতের প্রস্তুতি?
১০ দফা প্রস্তাব-বাস্তবতা না কৌশল?
বর্তমান আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনা। এই পরিকল্পনায় রয়েছে-পারমাণবিক কর্মসূচির অধিকার, নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন সেনা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা। শুনতে এগুলো অনেকটাই একতরফা মনে হয়। যেন আলোচনার শুরুতেই সর্বোচ্চ দাবি তুলে ধরা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে এটি নতুন কিছু নয়। অনেক সময় শক্ত অবস্থান থেকেই আলোচনা শুরু হয়-যাকে বলা হয় "অ্যাঙ্করিং"। অর্থাৎ, শুরুটা কঠিন, যাতে পরে কিছুটা ছাড় দিয়েও লাভজনক অবস্থানে থাকা যায়।
সবচেয়ে কঠিন দাবিগুলো
এই প্রস্তাবের কিছু অংশ বিশেষভাবে বিতর্কিত।
মার্কিন সেনা প্রত্যাহার -এটি বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত উপস্থিতি রয়েছে। হঠাৎ করে তা সরিয়ে নেওয়া মানে শুধু সামরিক পরিবর্তন নয়, পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়া।
ক্ষতিপূরণ দাবি - রাজনৈতিকভাবে এটি প্রায় অসম্ভব। কোনো দেশ সহজে স্বীকার করবে না যে, তারা ক্ষতির জন্য দায়ী এবং অর্থ দেবে।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ - এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়। এই নৌপথ দিয়ে বিশ্ব জ্বালানির বড়ো অংশ পরিবাহিত হয়। এখানে ইরানের প্রভাব স্বীকার করা মানে বৈশ্বিক অর্থনীতিতে একটি বড় পরিবর্তন মেনে নেওয়া।
বাস্তবসম্মত সম্ভাবনা কোথায়?
সব দাবি যে অবাস্তব, তা নয়। নিষেধাজ্ঞার আংশিক শিথিলতা, কিছু আন্তর্জাতিক সীমাবদ্ধতার পুনর্মূল্যায়ন, সীমিত পারমাণবিক কার্যক্রমের অনুমতি (কঠোর নজরদারির মধ্যে)। এই বিষয়গুলোতে সমঝোতার সম্ভাবনা বেশি। কারণ এগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা যায় এবং উভয় পক্ষই নিজেদের সাফল্য হিসেবে উপস্থাপন করতে পারে।
পাকিস্তানের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ?
আলোচনার স্থান হিসেবে ইসলামাবাদ নির্বাচনও তাৎপর্যপূর্ণ। পাকিস্তান একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখে, অন্যদিকে ইরানের সঙ্গেও যোগাযোগ বজায় রেখেছে। এছাড়া এটি একটি পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ, যা তাকে একটি অনন্য অবস্থান দেয়। এই মধ্যস্থতার মাধ্যমে পাকিস্তান নিজের আন্তর্জাতিক গুরুত্বও বাড়াতে চাইছে।
যুদ্ধবিরতির ভবিষ্যৎ—দুই সম্ভাবনা
এখন সামনে দুটি পথ। এক - আলোচনা এগোবে, কিছু সমঝোতা হবে, এবং ধীরে ধীরে একটি শান্তি চুক্তি তৈরি হবে। দুই- বিশ্বাসের অভাব, অতিরিক্ত দাবি, বা নতুন সংঘর্ষের কারণে যুদ্ধবিরতি ভেঙে যাবে, এবং সংঘাত নতুন রূপে ফিরে আসবে।
শান্তির পথ কখনোই সহজ নয়। এটি সবসময়ই পারস্পরিক ছাড়, আস্থা, এবং বাস্তবতার ওপর দাঁড়িয়ে থাকে। ইরানের ১০ দফা প্রস্তাব কী সত্যিকারের শান্তির রূপরেখা, নাকি কৌশলগত চাপ তৈরির একটি হাতিয়ার, তা এখনো স্পষ্ট নয়।
তবে একটি বিষয় নিশ্চিত, এই যুদ্ধবিরতি শেষ কথা নয়, এটি কেবল একটি সুযোগ। এই সুযোগকে যদি কাজে লাগানো যায়, তাহলে হয়ত শান্তির দিকে এগোনো সম্ভব। আর যদি না যায়, তাহলে "যুদ্ধবিরতি" শব্দটি কেবল কাগজেই থাকবে, বাস্তবে নয়।
এখন সারাবিশ্বের একটাই জিজ্ঞাসা - এই যুদ্ধবিরতি কি সত্যিই শান্তিতে রূপ নিতে পারবে? নাকি এটি আরেকটি অস্থায়ী বিরতি মাত্র?
Comments