সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ মে এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের লক্ষ্যে আগামী ৮ এপ্রিল আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা করা হবে। ওই দিনই মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।
বিদ্যমান আইন অনুযায়ী, জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যানুপাতিক হারে সংরক্ষিত ৫০টি আসন বণ্টন করা হয়। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দলগুলো তাদের নির্ধারিত আসনে প্রার্থী মনোনয়ন দেবে। এই নির্বাচনে ভোটার হিসেবে ভোট দেবেন সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা। সাধারণত প্রতিটি আসনের বিপরীতে একক প্রার্থী থাকায় এখানে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার রেওয়াজ রয়েছে।
Comments