এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
ইহুদিবিদ্বেষী বক্তব্যের অভিযোগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। সিডনিভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসি) আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রেলিয়া সফর করছিলেন শায়খ আহমাদুল্লাহ। সিডনির পাঞ্চবোলে গত শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় একটি অনুষ্ঠানে তার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তথ্যমতে, শায়খ আহমাদুল্লাহর সফরের মধ্যেই তার কিছু পুরনো ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব ভিডিওতে তাকে বলতে শোনা যায়:"বিশ্বের সব অস্থিরতার মূলে রয়েছে ইহুদি ষড়যন্ত্র। তারা খুবই জঘন্য এবং পৃথিবীর যত অশান্তি, তার নেপথ্য কারিগর এই ইহুদিরাই।"
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্যকে চরমপন্থা ও 'ইহুদিবিদ্বেষী' হিসেবে গণ্য করে তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে জানা গেছে, ভিসা বাতিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই শায়খ আহমাদুল্লাহ অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন।
ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শায়খ আহমাদুল্লাহকে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে।
উল্লেখ্য, এর আগে একই ধরনের অভিযোগে আরেক ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসাও বাতিল করেছিল অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।
Comments