গঠিত হচ্ছে ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’: কাল বৈঠক
দেশের বিনিয়োগ পরিবেশ ও শিল্প খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামীকাল (৪ এপ্রিল) শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকবেন।
এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো 'বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। নীতিনির্ধারক ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি সংলাপের জন্য এটি একটি স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ৯টি শিল্প গ্রুপের (প্রাণ-আরএফএল, অ্যাপেক্স, ইনসেপ্টা, এসিআই, রানার ইত্যাদি) প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকছেন।
চলমান জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদের হার, সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ এবং এলডিসি উত্তরণ পরবর্তী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
বিডা (BIDA) চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন জানান, মাঠপর্যায়ের ব্যবসায়িক প্রতিবন্ধকতা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা এবং দ্রুত নীতিগত সংস্কারের মাধ্যমে নতুন বিনিয়োগের পথ সুগম করাই এই উদ্যোগের উদ্দেশ্য।
উদ্যোক্তারা এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা করছেন এর মাধ্যমে কর ব্যবস্থা ও ব্যাংকিং খাতের জটিলতা নিরসনে সুনির্দিষ্ট ফলাফল আসবে।
Comments