সিঙ্গাপুর থেকে এলো ২৭৩০০ টন ডিজেল
চট্টগ্রাম বন্দরে আজ শুক্রবার (৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ 'ইয়ান জিং হে' বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হচ্ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক (রেফায়াত হামিম) বিষয়টি নিশ্চিত করে জানান, সিঙ্গাপুরের জাহাজের পাশাপাশি মালয়েশিয়া থেকে ডিজেলবাহী আরও একটি জাহাজ বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে। গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে রওনা দেওয়া এই জাহাজটি আজ রাতেই বন্দরে ভেড়ার কথা রয়েছে।
বন্দর সূত্র জানায়, রাতে মালয়েশিয়ার জাহাজটি যুক্ত হলে একদিনেই মোট ৬১ হাজার টন ডিজেল বন্দরে এসে পৌঁছাবে। এছাড়া চীন থেকে রওনা দেওয়া একটি এলপিজিবাহী জাহাজও আগামীকাল শনিবার নাগাদ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও যুদ্ধাবস্থা শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে আসা ডিজেলবাহী নবম জাহাজ। তিনি আরও উল্লেখ করেন যে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বর্তমানে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির জোরালো উদ্যোগ নিয়েছে।
মূলত সেচ মৌসুম ও রমজান পরবর্তী চাহিদা বিবেচনায় এই বাড়তি সরবরাহ দেশের জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Comments