কুয়েতকে মানবিক সহায়তার প্রস্তাব বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের অস্থির ও পরিবর্তনশীল পরিস্থিতিতে বন্ধুপ্রতিম দেশ কুয়েতের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে প্রয়োজন সাপেক্ষে দেশটিকে যেকোনো ধরনের মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকায় নিযুক্ত কুয়েতি রাষ্ট্রদূত আলী থানায়ুন আব্দুল ওয়াহাব হামাদাহ-এর সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুয়েতে অবস্থানরত প্রায় তিন লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ স্পষ্টভাবে জানান যে, বাংলাদেশ সর্বদা কূটনৈতিক উপায়ে এবং শান্তিপূর্ণভাবে যেকোনো সংঘাত সমাধানের পক্ষে।
বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি এবং হালাল খাদ্য খাতে বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিমন্ত্রী কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে বিনিয়োগের আমন্ত্রণ জানান।
রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় কুয়েতের দীর্ঘদিনের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
কুয়েতি রাষ্ট্রদূত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে (জাতিসংঘ ও ওআইসি) বাংলাদেশের সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং যুদ্ধের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের সংহতি প্রকাশের প্রশংসা করেন।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন। এই বৈঠকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার কুয়েতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
Comments