ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮টি ‘নৈশ মার্কেট’ তৈরির পরিকল্পনা
রাজধানীর ফুটপাত পথচারীবান্ধব করতে এবং হকারদের সুশৃঙ্খলভাবে পুনর্বাসনের লক্ষ্যে ৮টি নৈশ মার্কেট চালুর পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই নতুন উদ্যোগের কথা জানান।
সংবাদ সম্মেলনে হকার ব্যবস্থাপনা ছাড়াও যানজট নিয়ন্ত্রণ, মশা নিধন এবং নাগরিক সেবা নিয়ে ডিএসসিসির অবস্থান তুলে ধরেন তিনি।
হকার উচ্ছেদ প্রসঙ্গে প্রশাসক বলেন, "প্রধানমন্ত্রী শুধু উচ্ছেদের পক্ষে নন, বরং তাদের বিকল্প কর্মসংস্থানের ওপর জোর দিয়েছেন। সেই লক্ষ্যেই আমরা ঢাকা শহরে ৮টি নৈশ মার্কেট করার চিন্তা করছি।" অফিস সময়ের পর অর্থাৎ বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত এই মার্কেটগুলো চালু থাকবে। সারাদিন সব জায়গায় হকারদের বসা বন্ধ করা এবং একটি নির্দিষ্ট সময়ে তাদের ব্যবসার সুযোগ করে দেওয়া।
অটোরিকশা ও যান্ত্রিক রিকশা নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্টদের নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানান আবদুস সালাম। তিনি বলেন, "প্রধানমন্ত্রী নিজেও দ্রুত এই সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন। উচ্ছেদ নয়, বরং একটি সুনির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে এগুলোকে নিয়ন্ত্রণে আনা হবে। আশা করছি শিগগিরই নগরবাসী এর সুফল পাবেন।"
মশা নিধন কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, পরিবেশবিদ ও কীটতত্ত্ববিদদের পরামর্শ অনুযায়ী মশা 'নিয়ন্ত্রণে' কাজ চলছে। মশা নিধনের কাজে ব্যবহৃত জ্বালানি তেলের সাময়িক সংকট নিয়ে তিনি বলেন, "আমি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং তাৎক্ষণিকভাবে এর সমাধান হয়েছে।"
মাদকসেবীদের মাধ্যমে ম্যানহোলের লোহার ঢাকনা চুরি ঠেকাতে ডিএসসিসি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশাসক জানান, এখন থেকে লোহার পরিবর্তে ফাইবার দিয়ে তৈরি ঢাকনা ব্যবহার করা হচ্ছে, যা চুরি করে বিক্রি করা সম্ভব নয়। এছাড়া ঢাকনা চুরির অভিযোগ পাওয়ামাত্র তা দ্রুত প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
Comments