প্রাথমিক থেকে মাধ্যমিকে সংগীত শিক্ষা চালু করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী
দেশের তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি সংগীত শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্যের কথা জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী জানান, সংগীত শিক্ষা কর্মসূচিটি সরাসরি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে 'গুচ্ছভিত্তিক' বা ক্লাস্টার পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। এই পদ্ধতিতে: সংগীত প্রশিক্ষকেরা নির্দিষ্ট কোনো স্কুলে স্থায়ী না থেকে একটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের পাঠদান করবেন। এর মাধ্যমে প্রতিটি জেলা ও উপজেলায় স্কুলপর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপক সম্প্রসারণ ঘটানো হবে।
শিক্ষার্থীদের কেবল পাঠদানই নয়, বরং তাদের মধ্যে সাংস্কৃতিক উৎসাহ বাড়াতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আদলে দেশজুড়ে সংগীত প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংগীত শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, "সেই সময়ে সব প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক ছিল না, কার্যক্রমটি জেলাভিত্তিক কিছু প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল। নির্বাচিত সরকার না হওয়ায় জনগণের কাছে তাদের সরাসরি দায়বদ্ধতারও অভাব ছিল।"
তিনি আরও বলেন- আগের সরকারের নেওয়া কিছু সিদ্ধান্ত ভালো হলেও অনেকগুলো এড়িয়ে যাওয়া যেত। তবে সেগুলোকে 'উদ্দেশ্যপ্রণোদিত' না বলে পরিস্থিতিগত সীমাবদ্ধতা হিসেবেই দেখছেন বর্তমান মন্ত্রী। আমাদের লক্ষ্য হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ তৈরি করা।
Comments