সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয় ও নিয়মিত উপস্থিতিতে ১১ দফা নির্দেশনা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১১টি বিশেষ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রবিবার মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দপ্তর, সংস্থা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ইতিপূর্বে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান ও সাশ্রয়ী আচরণের নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটছে। এর প্রেক্ষিতে পুনরায় ১১টি নির্দেশনা কঠোরভাবে পালনের অনুরোধ করা হয়েছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে; দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে বৈদ্যুতিক বাতি পরিহার করে জানালা-দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে; অফিস চলাকালীন এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে; অফিস কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ নিশ্চিত করতে হবে; করিডর, সিঁড়ি ও ওয়াশ রুমে অপ্রয়োজনীয় আলো জ্বালানো যাবে না। সরকারি বিশেষ নির্দেশনা ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না এবং জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে। অফিস কক্ষ, করিডর, টয়লেট ও সিঁড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
এই নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি ও তদারকির জন্য প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়কে একটি করে 'ভিজিল্যান্স টিম' গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
Comments