বিমানের টয়লেটে মিলল ১৮ কেজি স্বর্ণ
দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৮ ফ্লাইটে শনিবার (২৮ মার্চ) রাতে এক বিশেষ অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়। এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন: ১৭ কেজি ৯০১ গ্রাম (প্রায় ১৮ কেজি)। যার আনুমানিক বাজারমূল্য: প্রায় ৩৮ কোটি টাকা। বিমানের কার্গো কম্পার্টমেন্টের ভেতরে থাকা টয়লেট প্যানেল থেকে উদ্ধার হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগে থেকেই কড়া নজরদারিতে রাখা হয়েছিল। বিমানটি বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ C-02-এ নামার পরপরই তল্লাশি চালিয়ে এই চালানটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত পাচারের সাথে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
Comments