‘পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’—ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভেন্টিলেটরের অভাবে ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এই চরম গাফিলতির জন্য হাসপাতালের পরিচালককে কঠোর তিরস্কার করে তিনি বলেন, তাকে 'ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত'।
গত বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসা শাস্ত্রের নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের এই ভয়াবহ সংকটের কথা মন্ত্রণালয়কে সময়মতো জানানো হয়নি। তিনি বলেন, "১১ দিনে ৩৩টা শিশু—৩৩টা বেবি মারা গেছে আমার! অথচ আমাদের জানানো হয়নি যে ভেন্টিলেটর নেই। এটা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার জন্য তাকে (পরিচালক) ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।"
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিষয়টি নিয়ে তিনি সরাসরি পরিচালকের সঙ্গে কথা বললে পরিচালক ঘটনাটি অস্বীকার করে 'মিডিয়া বাড়িয়ে বলছে' বলে দাবি করেন। তবে পরবর্তী তদন্ত প্রতিবেদনে গণমাধ্যমের তথ্যই সঠিক বলে প্রমাণিত হয়।
সরকারি প্রক্রিয়ায় ভেন্টিলেটর কেনা সময়সাপেক্ষ হওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রী ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগে যন্ত্রপাতি সংগ্রহের চেষ্টা করছেন বলে জানান। তিনি বলেন, ইতোমধ্যে কয়েকজন ওষুধ প্রস্তুতকারকের সহায়তায় তিনটি ভেন্টিলেটর সংগ্রহ করা হয়েছে এবং আরও দুটি সংগ্রহের কাজ চলছে। এই মেশিনগুলো সরকারি অর্থে নয়, বরং বেসরকারি সহায়তায় আনা হচ্ছে।
অনুষ্ঠানে চিকিৎসকদের পেশাগত আচরণ ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন: রোগীদের আস্থার প্রতিদান দিতে চিকিৎসকদের আরও দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত কাজের চাপের কারণে ভুল হতে পারে, তবে তা কাটিয়ে উঠতে নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক চিকিৎসা জ্ঞান অর্জন জরুরি। অপ্রয়োজনীয় অস্ত্রোপচার এড়িয়ে বিকল্প ও সঠিক পরামর্শের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।
সামগ্রিকভাবে স্বাস্থ্যখাতে সেবার মান বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে কঠোর হওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
Comments