ইতালিতে উৎসবমুখর ঈদ: নামাজ শেষেই কর্মস্থলে ছুটলেন প্রবাসীরা
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ইতালিতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
ইতালির রাজধানী রোমের ভিক্টোরিয়া পার্কের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। তবে অন্যান্য মুসলিম দেশের মতো ইতালিতে ঈদের দিন সরকারি ছুটি না থাকায় এবং দিনটি স্বাভাবিক কর্মদিবস হওয়ায় এক ভিন্ন চিত্র চোখে পড়ে। ঈদের নামাজ শেষে পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর বদলে অনেক প্রবাসী বাংলাদেশিকে নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে ছুটে যেতে দেখা যায়। রোমের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ছাড়াও ভেনিস, মিলান, নাপোলিসহ ইতালির বিভিন্ন শহরের মসজিদ ও খোলা মাঠে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসীরা। রোমের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাধারণ প্রবাসীদের সাথে ঈদের নামাজ আদায় করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। নামাজ শেষে তিনি প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন।৷৷ ইতালিতে প্রায় ২৫ লাখ মুসলিম বসবাস করলেও, ঈদ উৎসবে দেশটিতে নেই কোনো সরকারি ছুটি। মুসলিমদের ঈদের ছুটির বিষয়ে ইতালিয়ান সরকারের সাথে কথা বলার আশ্বাস দেন দূতাবাসের এই কর্মকর্তা।৷৷ ঈদের আনন্দের পাশাপাশি প্রবাসীদের কণ্ঠে ছিল দেশ নিয়ে নানা প্রত্যাশা। তাদের দাবি, পাঠানো কষ্টার্জিত রেমিট্যান্সের যেন সঠিক ব্যবহার হয়। দুর্নীতিমুক্ত, নিরাপদ ও উন্নত বাংলাদেশ দেখার স্বপ্ন এই রেমিট্যান্স যোদ্ধাদের।
ঈদের নামাজ শেষে পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর বদলে অনেক প্রবাসী বাংলাদেশিকইে বাধ্য হয়ে ছুটতে হয় নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে। একদিকে কর্মব্যস্ততা ও পরিবারের শূন্যতা, অন্যদিকে নাড়ির টান— সব মিলিয়ে ইতালিতে প্রবাসীদের ঈদ যেন এক মিশ্র অনুভূতির নাম।
Comments