হবিগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগে পূত্রবধূ গ্রেফতার
হবিগঞ্জের নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামি তামান্না আক্তার (২২)–কে গ্রেফতার করেছে র্যাব–৯ ও পুলিশ। মঙ্গলবার ভোরে ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এর আগে সোমবার সকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত এলাকার একটি বসতঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ফেরদৌসী ইসলাম চৌধুরীর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ঘরের মেঝেতে দুই হাত-পা কাপড়ে বাঁধা ও মুখ স্কচটেপে আটকানো অবস্থার দৃশ্যটি দেখে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
র্যাব জানায়, দুবাই প্রবাসী ছেলে রফিকুল ইসলাম চৌধুরীর স্ত্রী তামান্না আক্তারের সঙ্গে শাশুড়ি ফেরদৌসীর দীর্ঘদিন ধরে স্বর্ণালংকার হেফাজত নিয়ে বিরোধ চলছিল। বিয়ের সময় তামান্নার জন্য দেওয়া ৫ ভরি স্বর্ণ শাশুড়ির কাছে থাকায় তাদের মধ্যে প্রায়ই মনোমালিন্য দেখা দিত। এই পারিবারিক অশান্তির মধ্যেই তামান্নার টিকটক আইডির মাধ্যমে পরিচয় হয় শিপন মিয়া নামে এক যুবকের সঙ্গে। অল্পদিনেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠে এবং পরকীয়া প্রেম সম্পর্ক শুরু হয়। শিপনের প্রভাব ও স্বর্ণলালসার কারণে তামান্না শাশুড়িকে হত্যার পরিকল্পনা করেন এবং পরিকল্পনা বাস্তবায়নে শিপনসহ আরও কয়েকজনকে যুক্ত করেন।
গত রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শিপনসহ কয়েকজন তামান্নার ইশারায় ঘরের পেছন দিক দিয়ে বাড়িতে প্রবেশ করে। তামান্না নিজেই ঘরের দরজা খুলে দেয়। ঘরে থাকা অবস্থায় তারা ঘুমন্ত ফেরদৌসীর মুখ চেপে ধরে। তিনি ধস্তাধস্তির চেষ্টা করলে তার হাত-পা কাপড় দিয়ে বেঁধে ফেলে এবং মুখে স্কচটেপ লাগিয়ে দেয়। পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। হত্যার পর ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে দ্রুত পালিয়ে যায় তারা।
পরদিন ভোরে ভিকটিমের ভাই বাড়িতে এসে হাত-পা বাঁধা অবস্থায় বোনের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর র্যাব–৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে র্যাব–৯ সিপিসি–৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে প্রধান আসামি তামান্নাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তামান্নাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব–৯ ও পুলিশের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
র্যাব–৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments