দেশব্যাপী নদী ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার অনুযায়ী, দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে 'সাহাপাড়া খাল' পুনঃখনন কাজের সূচনার মাধ্যমে এই বিশাল প্রকল্পের যাত্রা শুরু হয়।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খালের পাড়ে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। এর মাধ্যমে সরকারের আগামী পাঁচ বছরের এক মহাপরিকল্পনার বাস্তবায়ন শুরু হলো।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই মেগা প্রকল্পের আওতায় বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছে:
যেমন, ৫ বছরের লক্ষ্য: সারাদেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। কর্মসূচির প্রথম ধাপে আজ থেকে দেশের ৫৪টি জেলায় একযোগে খনন কাজ শুরু হয়েছে। পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নত করা, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য: বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সকালে ঢাকা থেকে বিশেষ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সড়কপথে দিনাজপুরে যান।
খনন কাজ উদ্বোধন শেষে তিনি স্থানীয় একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিকেলে তিনি দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে গিয়ে তাঁর নানা, নানি ও খালার কবর জিয়ারত করবেন। সফরের শেষভাগে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এই কর্মসূচির মাধ্যমে দেশের কৃষি ও মৎস্য খাতে আমূল পরিবর্তন আসবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
Comments