আহত মোজতবা খামেনি আত্মগোপনে থেকেই সামলাচ্ছেন দায়িত্ব
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার তিন দিন পার হলেও এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি মোজতবা খামেনি। ৫৬ বছর বয়সী এই নেতা যুদ্ধের শুরুর দিকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বর্তমানে তিনি একটি অত্যন্ত নিরাপদ ও গোপন স্থানে অবস্থান করছেন।
দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানি সরকারের তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মোজতবা খামেনির আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের একটি ভবনে হামলায় তিনি পায়ে আঘাত পান। ওই একই হামলায় তাঁর বাবা আলি খামেনি ও মা নিহত হয়েছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, মোজতবা খামেনি আহত হলেও বর্তমানে 'নিরাপদ ও সুস্থ' আছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও প্রভাবশালী সরকারি দাতব্য সংস্থা 'কোমিতেহ এমদাদ' তাদের বিবৃতিতে মোজতবাকে 'জানবাজ জাং' হিসেবে অভিহিত করেছে। ফারসি ভাষায় এই শব্দগুচ্ছের অর্থ হলো 'যুদ্ধে আহত অভিজ্ঞ যোদ্ধা'। রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থা আইআরএনএ-ও তাকে একইভাবে বর্ণনা করেছে, যা তাঁর আহত হওয়ার খবরের পরোক্ষ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্রমতে, মোজতবা খামেনি সামনে না আসার প্রধান কারণ হলো তাঁর অবস্থান শনাক্ত হওয়ার আশঙ্কা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইতিপূর্বেই হুমকি দিয়েছেন যে, আলি খামেনির যেকোনো উত্তরসূরিকেই লক্ষ্যবস্তু করা হবে।
মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে নতুন নেতার দায়িত্ব গ্রহণ সংক্রান্ত প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলেন, "যাদের কাছে বার্তা পৌঁছানোর কথা, তাদের কাছে পৌঁছে গেছে।"
মোজতবা খামেনির নাম ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, "এই সিদ্ধান্তে আমি সন্তুষ্ট নই।" তবে যুক্তরাষ্ট্র তাঁকে সরাসরি লক্ষ্যবস্তু করবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি।
Comments