সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ
আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নির্বিঘ্ন করতে রাজধানীর শেরেবাংলা নগর ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
ডিএমপি জানিয়েছে, আজ বুধবার দিবাগত রাত ১২টা থেকে এই আদেশ কার্যকর হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে নির্দিষ্ট এলাকায় নিম্নলিখিত বিষয়গুলো নিষিদ্ধ থাকবে: সব ধরনের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন। যেকোনো ধরনের ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য সাথে রাখা। যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন।
যেসব এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে
ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে যে এলাকাগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে তা হলো:
-
ময়মনসিংহ রোড: মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত।
-
বাংলামটর লিংক রোড: পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।
-
পান্থপথ: পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।
-
মিরপুর রোড: শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত।
-
রোকেয়া সরণি: সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত।
-
ইন্দিরা রোড ও মানিক মিয়া এভিনিউ: ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউ-এর পশ্চিম প্রান্ত পর্যন্ত।
-
জাতীয় সংসদ ভবন এলাকা: সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার ভেতরের সব রাস্তা ও গলিপথ।
সংসদ অধিবেশন চলাকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
Comments